রূপ-নারানের কূলে
রূপ-নারানের কূলে
জেগে উঠিলাম
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ—
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়;
সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম—
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন—
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ ক’রে দিতে।
‘রূপ-নারানের কূলে’ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনসায়াহ্নে শান্তিনিকেতনের উদয়ন গৃহে রচিত (১৩ই মে, ১৯৪১) এক চরম আত্মোপলব্ধিমূলক কবিতা। মৃত্যুর মাত্র কয়েক মাস আগে কঠিন শারীরিক অসুস্থতার মাঝে কবি জীবনের পরম সত্যকে প্রত্যক্ষ করেছিলেন।
জীবন কোনো স্বপ্নের মোহ নয়, কঠিন সত্যের তপস্যা। আমৃত্যু দুঃখের সাধনার মধ্য দিয়ে সত্যকে বরণ করা এবং মৃত্যুর মধ্য দিয়ে জীবনের সকল দেনা শোধ করে আত্মমুক্তির মহান দার্শনিক উপলব্ধি।
মূল উৎস: রবীন্দ্র-রচনাবলী (বিশ্বভারতী সংস্করণ) / উইকিসংকলন।
কপিরাইট স্ট্যাটাস: পাবলিক ডোমেইন (Public Domain)।
মন্তব্য (0টি)