0
কবিতা
২২ October, ২০২৬ | ২৭ views | Share | Save | PDF

পথ হাঁটা
– জীবনানন্দ দাশ

পথ হাঁটা
কি এক ইশারা যেন মনে রেখে এক-একা শহরের পথ থেকে পথে
অনেক হেঁটেছি আমি; অনেক দেখেছি আমি ট্রাম-বাস সব ঠিক চলে;
তারপর পথ ছেড়ে শান্ত হ’য়ে চ’লে যায় তাহাদের ঘুমের জগতে:
সারা রাত গ্যাসলাইট আপনার কাজ বুঝে ভালো ক’রে জ্বলে।
কেউ ভুল করেনাকো— ইঁট বাড়ি সাইনবোর্ড জানালা কপাট ছাদ সব
চুপ হ’য়ে ঘুমাবার প্রয়োজন বোধ করে আকাশের তলে।
এক-একা পথ হেঁটে এদের গভীর শান্তি হৃদয়ে করেছি অনুভব;
তখন অনেক রাত— তখন অনেক তারা মনুমেণ্ট মিনারের মাথা
নির্জনে ঘিরেছে এসে; মনে হয় কোনোদিন এর চেয়ে সহজ সম্ভব
আর-কিছু দেখেছি কি: একরাশ তারা-আর-মনুমেণ্ট-ভরা কলকাতা?
চোখ নিচে নেমে যায়— চুরুট নীরবে জ্বলে— বাতাসে অনেক ধুলো খড়;
চোখ বুজে একপাশে স’রে যাই— গাছ থেকে অনেক বাদামী জীর্ণ পাতা
উড়ে গেছে; বেবিলনে এক-একা এমনই হেঁটেছি আমি রাতের ভিতর
কেন যেন; আজো আমি জানিনাকো হাজার-হাজার ব্যস্ত বছরের পর।

রচনার পরিচিতি ও প্রেক্ষাপট: জীবনানন্দ দাশের চিরন্তন যাযাবর মানসিকতা ও দার্শনিক অন্বেষণের অন্যতম প্রতিনিধি কবিতা। মূলভাব ও চেতনা: নিঃসঙ্গ পথচলা, আত্মানুসন্ধান এবং প্রকৃতির রহস্যের মাঝে জীবনের অর্থ খোঁজা। মূল উৎস: জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (উইকিসংকলন প্রামাণ্য সংস্করণ)। কপিরাইট স্ট্যাটাস: পাবলিক ডোমেইন (Public Domain)।

জীবনানন্দ দাশ

Total writings: ৫৩১

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us