মহান মুক্তিযুদ্ধের উপেক্ষিত এক অধ্যায়….
—মো.সাহেদ সামসুদ্দিন
১৯৭১ সালের ১২ই জুন। ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে তিনটা। চারদিক নিঝুম, লালপুর গ্রামের মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। গ্রামের নিরীহ মানুষগুলো ঘুণাক্ষরেও ভাবতে পারেনি, কী ভয়াবহ এক নারকীয় তাণ্ডব তাদের দুয়ারে কড়া নাড়ছে।
মুক্তিযুদ্ধের সেই উত্তাল সময়ে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী হানা দেয় লালপুর গ্রামের চন্দ্রনাথ পালবাড়ি ও তরণী দাসের বাড়িতে। ঘুমন্ত মানুষগুলো কিছু বুঝে ওঠার আগেই তাদের ঘরবাড়িতে দেওয়া হয় অগ্নিসংযোগ , শুরু হয় বেপরোয়া বুলেটের গর্জন।
সেদিন কাজের সূত্রে গ্রামে এসেছিলেন ফেনী সদরের মোহাম্মদ আলী বাজারের পান ব্যবসায়ী আনা মিয়া। কেনাবেচা শেষে রাত বেশি হয়ে যাওয়ায় স্থানীয় পানচাষীদের অনুরোধে তিনি রাতে লালপুর গ্রামে তাদের সাথে থেকে যান।সেই থেকে যাওয়াই হলো কাল আনা মিয়ার । পাকবাহিনীর হত্যাযজ্ঞে ঘটনাস্থলেই শহীদ হন আনা মিয়া।
পৈশাচিকতার শেষ এখানেই ছিল না। গ্রাম থেকে ১০ জন মানুষকে বেঁধে নিয়ে যাওয়া হয় ফেনীর তৎকালীন সিও অফিস সংলগ্ন মাঠে। সেখানে তাদের গুলি করে হত্যা করা হয় এবং মাঠে গণকবর দেওয়া হয়। এক রাতেই লালপুর হারায় আনা মিয়া সহ ১১ জন স্বজনকে।
সেদিনের সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় পিন্টু চন্দ দাস সেদিনের স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, “আমার বাবা বাড়ির পুকুরে শাপলা পাতার নিচে ডুব দিয়ে অলৌকিকভাবে জীবন বাঁচিয়েছিলেন”। আরেকজন প্রত্যক্ষদর্শী রঞ্জন চন্দ্র রায় বলেন রাতের আঁধারে পাশের গ্রামে পালিয়ে কোনোরকমে নিজের প্রাণ বাঁচিয়ে ছিলাম, আজও সেই রাতের কথা উঠলে আঁতকে ওঠি”।
লালপুর গ্রামে আজও পানের সবুজ বরজ আছে, কিন্তু যে পানের বরজে ও উঠোনে ১৯৭১ এর রক্তভেজা ইতিহাস মিশে আছে, তা আজ অনেক নিভৃত। স্বাধীনতার এত বছর পরও লালপুরের এই করুণ গণহত্যাটি ইতিহাসের পাতায় অনেকাংশেই উপেক্ষিত। যে মাটিতে ১১ জন শহীদের স্মৃতি মিশে আছে, সেই মাটির যথাযথ মূল্যায়ন খুব কমই আলোচিত হয়।