0
Poetry
৩০ September, ২০২৬ | ২৮ views | Share | Save | PDF

দুর্গোৎসব

(সুন্দরী)
১
কেন না হইলি তুই, যমুনার জল,
রে প্রাণবল্লভ!

কিবা দিবা কিবা রাতি, কূলেতে আঁচল পাতি
শুইতাম শুনিবারে, তোর মৃদুরব ||
রে প্রাণবল্লভ!
২

কেন না হইলি তুই, যমুনাতরঙ্গ,
মোর শ্যামধন!
দিবারাতি জলে পশি, থাকিতাম কালো শশি,
করিবারে নিত্য তোর, নৃত্য দরশন ||

ওহে শ্যামধন!
৩
কেন না হইলি, তুই, মলয় পবন,
ওহে ব্রজরাজ!

আমার অঞ্চল ধরি, সতত খেলিতে হরি,
নিশ্বাসে যাইতে মোর, হৃদয়ের মাঝ ||
ওহে ব্রজরাজ!
৪

কেন না হইলি তুই, কাননকুসুম,
রাধাপ্রেমাধার।
না ছুঁতেম অন্য ফুলে, বাঁধিতাম তোরে চুলে,
চিকণ গাঁথিয়া মালা, পরিতাম হার ||

মোর প্রাণাধার!
৫
কেন না হইলে তুমি, চাঁদের কিরণ,
ওহে হৃষীকেশ!

বাতায়নে বিষাদিনী, বসিতে যবে গোপিনী,
বাতায়নপথে তুমি, লভিতে প্রবেশ ||
আমার প্রাণেশ!
৬

কেন না হইলে তুমি, চিকণ বসন,
পীতাম্বর হরি!
নীলবাস তেয়াগিয়ে, তোমারে পরি কালিয়ে,
রাখিতাম যত্ন কর্যে হৃদয় উপরি ||

পীতাম্বর হরি!
৭
কেন না হইলে শ্যাম, যেখানে যা আছে,
সংসারে সুন্দর।

ফিরাতেম আঁখি যথা, দেখিতে পেতেম তথা,
মনোহর এ সংসারে, রাধামনোহর।
শ্যামল সুন্দর!

(সুন্দর)
১
কেন না হইনু আমি, কপালের দোষে,
যমুনার জল।

লইয়া কম কলসী, সে জল মাঝারে পশি,
হাসিয়া ফুটিত আসি, রাধিকা-কমল-
যৌবনেতে ঢল ঢল ||
২

কেন না হইনু আমি, তোমার তরঙ্গ,
তপননন্দনি!
রাধিকা আসিলে জলে, নাচিয়া হিল্লোল ছলে,
দোলাতাম দেহ তার, নবীন নলিনী-

যমুনাজলহংসিনী ||
৩
কেন না হইনু আমি, তোর অনুরূপী
মলয় পবন!

ভ্রমিতাম কুতূহলে, রাধার কুন্তল দলে,
কহিতাম কানে কানে, প্রণয় বচন-
সে আমার প্রাণধন ||
৪

কেন না হইনু, হায়! কুসুমের দাম,
কণ্ঠের ভূষণ।
এক নিশা স্বর্গ সুখে, বঞ্চিয়া রাধার বুকে,
ত্যজিতাম নিশি গেলে জীবন যাতন-

মেখে শ্রীঅঙ্গচন্দন ||
৫
কেন না হইনু আমি, চন্দ্রকরলেখা,
রাধার বরণ।

রাধার শরীরে থেকে, রাধারে ঢাকিয়ে রেখে,
ভুলাতাম রাধারূপে, অন্যজনমন-
পর ভুলান কেমন?
৬

কেন না হইনু আমি চিকণ বসন,
দেহ আবরণ।
তোমার অঙ্গেতে থেকে, অঙ্গের চন্দন মেখে,
অঞ্চল হইয়ে দুলে, ছুঁতেম চরণ,-

চুম্বি ও চাঁদবদন ||
৭
কেন না হইনু আমি, যেখানে যা আছে,
সংসারে সুন্দর।

কে হতে না অভিলাষে, রাধা যাহা ভালবাসে,
কে মোহিতে নাহি চাহে, রাধার অন্তর-
প্রেম-সুখরত্নাকর?

'দুর্গোৎসব' কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর বাংলা সাহিত্যের এক কালজয়ী ও বহুল পঠিত কাব্যসৃষ্টি।

রচনার মূল সুর গভীর মানবিক অনুভূতি, সমাজচেতনা, প্রেম ও চিরন্তন সৌন্দর্যচেতনার রূপায়ণে ভাস্বর।

মূল উৎস: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর প্রামাণ্য কাব্যসংকলন ও নির্বাচিত কবিতা সমগ্র।

কপিরাইট স্ট্যাটাস: প্রামাণ্য ঐতিহাসিক সাহিত্য সংকলন ও শিক্ষামূলক ডিজিটাল আর্কাইভ সংরক্ষণের উদ্দেশ্যে সংকলিত।

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us