0
Poetry
১৭ September, ২০২৬ | ৩৬ views | Share | Save | PDF

পাছে লোকে কিছু বলে

করিতে পারি না কাজ,
সদা ভয়, সদা লাজ,
সংশয়ে সংকল্প সদা টলে,
পাছে লোকে কিছু বলে।

আড়ালে আড়ালে থাকি,
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে,
পাছে লোকে কিছু বলে।

হৃদয়ে বুদবুদ মতো
উঠে শুভ্র চিন্তা কত,
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।

কাঁদে প্রাণ যবে, আঁখি
সযতনে শুষ্ক রাখি—
নির্মল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।

একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা—
চলে যাই উপেক্ষার ছলে,
পাছে লোকে কিছু বলে।

মহৎ উদ্দেশ্যে যবে,
এক সাথে মিলে সবে,
পারি না মিলিতে সেই দলে,
পাছে লোকে কিছু বলে।

বিধাতা দিছেন প্রাণ
থাকি সদা ম্রিয়মাণ—
শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে।

রচনার পরিচিতি ও প্রেক্ষাপট: 'পাছে লোকে কিছু বলে' বাংলা সাহিত্যের প্রথম স্নাতক নারী কবি কামিনী রায়ের এক অবিস্মরণীয় নীতিচেতনা ও আত্মোপলব্ধিমূলক কালজয়ী কবিতা। এটি কবির বিখ্যাত প্রথম কাব্যগ্রন্থ 'আলো ও ছায়া' (১৮৮৯)-এর অন্তর্ভুক্ত। তৎকালীন রক্ষণশীল সমাজের নানাবিধ সমালোচনা ও লোকলজ্জার ভয়ে মানুষের স্বাভাবিক সৃজনশীলতা ও মহৎ উদ্যোগ কীভাবে অবদমিত হয়ে যায়, তা এ কবিতায় অসাধারণ মনস্তাত্ত্বিক দক্ষতায় তুলে ধরা হয়েছে।

মূলভাব ও চেতনা: সমাজের অযথা সমালোচনা ও পরচর্চার ভয়কে জয় করে দ্বিধাহীন চিত্তে মহৎ কর্মে আত্মনিয়োগের চিরন্তন প্রেরণা। সংশয় ও লোকলজ্জা মানুষের শুভ চিন্তা ও কর্মশক্তিকে পঙ্গু করে দেয়—তাই নিঃশঙ্ক চিত্তে এগিয়ে যাওয়াই জীবনের প্রকৃত সার্থকতা।

মূল উৎস: কাব্যগ্রন্থ 'আলো ও ছায়া' (প্রথম প্রকাশ: ১৮৮৯ খ্রিষ্টাব্দ / ১২৯৬ বঙ্গাব্দ) / কামিনী রায় রচনাবলী।

কপিরাইট স্ট্যাটাস: পাবলিক ডোমেইন (Public Domain)।

কামিনী রায়

Total writings: ৫৩১

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us