0
Poetry
১৭ September, ২০২৬ | ৩০ views | Share | Save | PDF

বনলতা সেন

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে—সব নদী—ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

১. রচনার পরিচিতি ও প্রেক্ষাপট: আধুনিক বাংলা কবিতার অবিসংবাদিত শ্রেষ্ঠ কবিতা 'বনলতা সেন', জীবনানন্দ দাশের রচিত কালজয়ী প্রেমের ও মানবশান্তির প্রতীক। ১৯৪২ সালে প্রকাশিত একই নামের কাব্যগ্রন্থের নাম-কবিতা।

২. মূলভাব/চেতনা: জীবনের দীর্ঘ পরিভ্রমণ ও ক্লান্তি শেষে প্রেম ও সৌন্দর্যের আশ্রয়ে শাশ্বত শান্তির সন্ধান।

৩. মূল উৎস: বনলতা সেন (কাব্যগ্রন্থ, ১৯৪২)।

৪. কপিরাইট স্ট্যাটাস: পাবলিক ডোমেইন (Public Domain)।

জীবনানন্দ দাশ

Total writings: ৫৩১

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us