0
Poetry
১৮ September, ২০২৬ | ২৪ views | Share | Save | PDF

তাহারেই পড়ে মনে

‘হে কবি! নীরব কেন—ফাল্গুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?’
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি—
‘দক্ষিণ দুয়ার গেছে খুলি?
বাতাবী-নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?’

‘এখনো দেখনি তুমি?’ কহিলাম, ‘কেন কবি আজ
এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?’
কহিল সে সুদূরে চাহিয়া—
‘অলখের পাথার বাহিয়া
তরি তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?
ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান।’

কহিলাম, ‘ওগো কবি, রচিয়া লহ না আজও গীতি,
বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি—এ মোর মিনতি।’
কহিল সে মৃদু মধুস্বরে—
‘নাই হ’ল, না হোক এবারে—
আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে ধরিয়া—
রহেনি, সে ভুলেনি তো, এসেছে তো ফাল্গুন স্মরিয়া।’

কহিলাম, ‘ওগো কবি, অভিমান করেছ কি তাই?
যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।’
কহিল সে পরম হেলায়—
‘বৃথা কেন? ফাল্গুন-বেলায়
ফুল কি ফোটে নি শাখে? পুষ্পারতি লভে নি কি ঋতুর রাজন?
মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?’

‘হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?’
কহিলাম, ‘উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?’
কহিল সে কাছে সরি আসি—
‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী—
গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে
রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে।’

১. রচনার পরিচিতি ও প্রেক্ষাপট: 'তাহারেই পড়ে মনে' বাংলাদেশের প্রথিতযশা কবি ও মহীয়সী নারী বেগম সুফিয়া কামালের সর্বশ্রেষ্ঠ ও বহুল পঠিত বিষাদমাখা সংলাপধর্মী গীতিকবিতা। ১৯৩৫ সালে 'মোহাম্মদী' পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয় এবং পরবর্তীতে কবির প্রথম কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া' (১৯৩৮)-তে সংকলিত হয়। কবির প্রথম স্বামী ও সাহিত্যসাধনার প্রধান অনুপ্রেরণাদাতা সৈয়দ নেহাল হোসেনের অকাল প্রয়াণে কবিমানসে যে গভীর শোক ও রিক্ততা নেমে এসেছিল, বসন্তের পুষ্পশোভিত আগমনও তা মোচন করতে পারেনি। এই ব্যক্তিগত বিয়োগব্যথাই কবিতাটির অন্তর্নিহিত পটভূমি।

২. মূলভাব ও তাৎপর্য: প্রকৃতির সৌন্দর্য ও মানব হৃদয়ের অনুভূতির মেলবন্ধনে রচিত এই কবিতায় নাটকীয় সংলাপের মাধ্যমে গভীর মানবিক বিষাদ ফুটে উঠেছে। প্রকৃতির নিয়মে ধরায় ফাল্গুন আসে, বনে বনে ফুল ফোটে ও দখিনা সমীরণ বয়ে যায়; কিন্তু প্রিয়জনহারা কবির মন প্রকৃতির এই উৎসবমুখর ঋতুরাজকে গ্রহণ করতে পারে না। শীতের রিক্ত কুয়াশার চাদর জড়িয়ে যে সন্ন্যাসী চলে গেছে দিগন্তের পথে, কবির হৃদয় ব্যাকুল হয়ে কেবল তাঁকেই স্মরণ করে। আনন্দের মাঝেও গভীর শোক ও স্মৃতিবেদনার এই প্রকাশ বাংলা কবিতায় এক অনন্য সংযোজন।

৩. মূল উৎস: 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ (প্রথম প্রকাশ: ১৯৩৮ খ্রিষ্টাব্দ)।

৪. কপিরাইট স্ট্যাটাস: বাংলা সাহিত্যের এই অমর ক্লাসিক সৃষ্টিটি শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ডিজিটাল আর্কাইভ সংরক্ষণের উদ্দেশ্যে অবিকৃত পূর্ণপাঠে অন্তর্ভুক্ত।

সুফিয়া কামাল

Total writings: ৫৩১

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us