0
ছড়া
২২ October, ২০২৬ | ২৩ views | Share | Save | PDF

তালগাছ
– রবীন্দ্রনাথ ঠাকুর

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়—
একেবারে উড়ে যায়—
কোথা পাবে পাখা সে?
তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার
মনে মনে ভাবে বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার।
সারা দিন ঝর্‌ঝর্ থত্থর
কাঁপে পাতা-পত্তর,
ওড়ে যেন ভাবে ও,
মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
যেন কোথা যাবে ও।
তার পরে হাওয়া যেই নেমে যায়,
পাতা-কাঁপা থেমে যায়,
ফেরে তার মনটি—
যেই ভাবে মা যে হয় মাটি তার,
ভালো লাগে আরবার
পৃথিবীর কোণটি।
২ কার্তিক ১৩২৮

রচনার পরিচিতি ও প্রেক্ষাপট: রবীন্দ্রনাথ ঠাকুরের অমর শিশুতোষ কাব্যগ্রন্থ 'শিশু ভোলানাথ' (১৯২২)-এর অন্যতম শ্রেষ্ঠ ও বহুল পঠিত কবিতা। মূলভাব ও শিক্ষা: শিশুর মুক্ত ডানা মেলার অসীম কল্পনা এবং অবশেষে মাতৃক্রোড় ও স্বদেশভূমির চিরন্তন ভালোবাসায় ফিরে আসা। মূল উৎস: শিশু ভোলানাথ (রবীন্দ্রনাথ ঠাকুর, উইকিসংকলন প্রামাণ্য সংস্করণ)। কপিরাইট স্ট্যাটাস: রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সাহিত্যকর্ম পাবলিক ডোমেইনের (Public Domain) অন্তর্ভুক্ত।

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us