বিয়ে-পাগলা বুড়ো
বেগম রোকেয়া
[ পরিচ্ছেদ ১ ] শুনিয়াছি সারদা বিল পাশের সঙ্গে সঙ্গে ‘কচি মেয়ের সহিতে বুড়ো বরের বিবাহ নিষিদ্ধ’ বলিয়া আরেকটা বিল পাস হইবার কথা ছিলো। ব্যবস্থাপক সভায় এই বিল পাস হইলে শরিয়তের নামে তাহার বিরুদ্ধে আপত্তি তোলা হইতো কিনা, তাহা অনুমান করা সহজ নহে। অদ্য দুই তিনজন বিয়ে-পাগলা বৃদ্ধের ইতিহাস পাঠিকা ভগিনীদের উপহার দিবো। আশা করি […]
[ পরিচ্ছেদ ১ ]
শুনিয়াছি সারদা বিল পাশের সঙ্গে সঙ্গে ‘কচি মেয়ের সহিতে বুড়ো বরের বিবাহ নিষিদ্ধ’ বলিয়া আরেকটা বিল পাস হইবার কথা ছিলো। ব্যবস্থাপক সভায় এই বিল পাস হইলে শরিয়তের নামে তাহার বিরুদ্ধে আপত্তি তোলা হইতো কিনা, তাহা অনুমান করা সহজ নহে। অদ্য দুই তিনজন বিয়ে-পাগলা বৃদ্ধের ইতিহাস পাঠিকা ভগিনীদের উপহার দিবো। আশা করি ইহা পাঠে তারা অশ্রু সম্বরণ করিতে পারিবেন না।
পূর্ববঙ্গের একটি পল্লীগ্রামে একজন সত্তরবর্ষীয় বর ক্রমে সাত জন বিবিকে জান্নাতে পাঠাইয়া দিয়া অষ্টমবার বিবাহ করিতে চাহিলেন। গ্রামের দুষ্ট লোকেরা বেচারার দুর্নাম রটনা করিয়াছিলো যে, বুড়ো বউ-খেকো; কাজেই আর কেহ তাহাকে কন্যাদানে সম্মত হয় না। মাতবর সাহেব বৃদ্ধ হইলেও বিবিধ খেজাবের কল্যাণে তাহার মাথার চুল ঘোর কৃষ্ণবর্ণ ছিলো, দাড়িগোঁফ কলপরঞ্জিত করিয়া ভ্রমরকৃষ্ণ মুখশ্রী বেশ সুন্দর করিয়া লইয়াছেন। তাহার নগদ টাকাও যথেষ্ট আছে, বাক্সভরা রূপার গয়না, একটা সোনার সিঁথি ও হলুদ মাকড়ি, সিন্দুকভরা কাপড়, তবু কোনো হতভাগা তাহাকে কন্যাদানে সম্মত হয় না।
অবশেষে পাড়ার কতিপয় যুবকের মনে দয়ার উদ্রেক হইলো। তাহারা বহু কষ্টে একটি পাত্রী ঠিক করিয়া মাতবর সাহেবকে জানাইলো যে, কুমারী মেয়ে পাওয়া গেলো না, একটি বাল-বিধবা আছে। বয়স একটু বেশি, ২২-২৩ বৎসর, আর একটু হৃষ্টপুষ্ট লম্বাগোছের মেয়ে। তিনি চিন্তা করিয়া বলিলেন, ‘তা ভালোই, কুমারী যখন পাওয়া গেলো না, তা কী আর করা।’
ঘটকেরা বলিল, ‘বিধবা বটে, তবে ৫ বৎসর বয়সে বিবাহ হইয়াছিলো, ছয় মাসের মাথায় বিধবা হয়, তদবধি পিতামাতার অন্ন ধ্বংস করিতেছে; এখন যুবকেরা তাহাকে পাত্রস্থ করিতে চায়। যদি আপনি পছন্দ না করেন, তবে এ সম্বন্ধ ছাড়িয়া দেওয়া হউক।’
বৃদ্ধ তাড়াতাড়ি সোৎসাহে বলিলেন, ‘না, না, এ সম্বন্ধ ছাড়া হইবে না। বয়স একটু বেশি হওয়ায় সুবিধাই হইবে, ভালো মতো ঘর-গেরস্তি করিতে পারিবে।’
যথাকালে মাতবর সাহেব বরবেশে বিবাহসভায় উপস্থিত হইলেন। বিবাহ বেশ ঘটা করিয়া হইতেছে, ঘটকেরা তাহার নিকট হইতে অনেক টাকা-পয়সা লইয়া খুব ধুমধামের সহিত আয়োজন করিয়াছে।
কনের সম্পর্কের এক নানী এবং পাড়ার ছেলের দল বিবাহসভায় উপস্থিত হইয়া আচার পদ্ধতি পালন করিতেছে—এ নিয়ম, সে নিয়ম, নিয়ম আর শেষ হয় না। ছোকরাগুলি মুখ টিপিয়া হাসে, আর ফিসফিস করিয়া নানিবিবির সহিত কথা কহিয়া সেই উপদেশমতো কাজ করে। বরের সম্মুখে বড় মোটা খেরুয়ার পর্দা, সেই পর্দার অপর পার্শ্ব হইতে স্ত্রীলোকদের চাপা হাসি শোনা যাইতেছে। বর অধীরভাবে শুভ দৃষ্টির জন্য অপেক্ষা করিতেছেন, বিলম্বের জন্য মনে মনে গ্রাম্য আচার-পদ্ধতির মুণ্ডুপাত করিতেছেন।
তিনি পার্শ্বোপবিষ্ট কনের অলঙ্কারের মৃদু ঝনঝনি শুনিতেছেন, আর সতৃষ্ণ নয়নে কনের দিকে দৃষ্টিপাত করিতেছেন। পাত্রীর হাত-পা সব মোটা বেনারসি শাড়ীতে ঢাকা, কিছুই দেখা যায় না, কেবল ক্রেপের ওড়নার ভিতর হইতে বাদলা জড়ানো দীর্ঘ চুলের বেণি দেখা যাইতেছে; চুলের বেণিটা কনের পিঠ বাহিয়া ফরাশের উপর পড়িয়াছে। বৃদ্ধ দেখিয়া ভারি সন্তুষ্ট যে, আর কিছু না হইলেও আমার বউ যে কেশর-রানি! এ গ্রামে এমন লম্বা চুল কার কার আছে?
অনেকক্ষণ প্রাণঘাতী ধৈর্যের পর দর্পণ আসিল, এখন শুভদৃষ্টি। অবগুণ্ঠন তুলিবার পর পর্দার অপর পার্শ্বস্থিত চাপা হাসি কলহাস্যে পরিণত হইলো। এদিকে বৃদ্ধ চমকাইলেন—বউয়ের মুখে ইয়া দাড়ি, ইয়া গোঁফ! বউ খিলখিল করিয়া হাসিয়া মাথার পরচুলাটা খুলিয়া সম্মুখে রাখিল। হতভম্ব বর তখন দাড়িগোঁফশোভিত কনেকে চিনিলেন যে, সে সম্পর্কে তাহার নাতি কলুমিয়া! সে দন্ত বিকাশ করিয়া বলিল, ‘নানাজান, শ্যাষে আপনে আমারে বিয়া করলেন?’
মাতবর সাহেব অতিক্রোধে কি বলিবেন ঠিক করিতে না পারিয়া কেবল বলিলেন, ‘তোমরা যে এমন নাদান তা জানতাম না!’ সক্রোধে সেই বাদলা-জড়ানো সুন্দর বেণিটাকে তুলিয়া এক আছাড় দিলেন। পরে যথাসম্ভব দ্রুতগতিতে সে স্থান ত্যাগ করিলেন।
[ পরিচ্ছেদ ২ ]
পাটনায় এক ৬৫/৭০ বৎসরের কাজি সাহেব ক্রমাগত কয়েকটি স্ত্রী বিয়োগের পর পুনরায় বিবাহ করিতে চেষ্টা করিলেন। এক্ষেত্রে তিনিও ‘জরু-খাওকা’ উপাধি লাভ করিয়াছিলেন বলিয়া সহজে আর জরু ধরিতে পারিতেছিলেন না। তাঁহার মেহদী-রঞ্জিত দাড়ির মোহে কোনো সুন্দরীই ধরা পড়িল না।
অবশেষে কয়েকজন প্রৌঢ় ভদ্রলোক উপরোক্ত কাজি সাহেবের জন্য ঘটকালি করিবার নিমিত্ত আসরে নামিলেন। কন্যা সহজে পাওয়া যায় না; কারণ শহরে যে কয়টি বিবাহযোগ্যা পাত্রী ছিল, তাহাদের বিবাহ হইয়া গিয়াছে। সুতরাং বহু অর্থব্যয়ে একজনের কন্যা সংগ্রহ করা গিয়াছে। কন্যাপক্ষকে ছয়-সাতমাস পর্যন্ত অনেক পর্বী-তেহারী দিতে হইল; চাকরদের বখশিশ দিতে হইল।
এই প্রকারের অনেক খরচপত্র, কাণ্ডকারখানার পর কোনো এক শুভদিনে বিবাহের তারিখ ধার্য হইল। যথাকালে বর প্রাঙ্গণে শামিয়ানার নিচে আনীত হইলেন। বিবাহসভায় এ রসম সে রসম নানাবিধ মেয়েলি রসম (অর্থাৎ স্ত্রী-আচার) শেষ হইলে বর-কনের শুভদৃষ্টি হইবার সময় প্রভাত হইয়া গেল। বর সানন্দে দেখিলেন, বালিকা-বধূর কপালে নানাবিধ রঙের চাঁদ-তারা চুমকি আঁটা হইয়াছে, গালদুটি আফসাঁ জড়িত হইয়া ঝকমক করিতেছে। সে কী সুন্দর! বধূর সৌন্দর্য উথলিয়া পড়িতেছে। পাটনার নিয়ম অনুসারে কনেকে একজন মিরিয়াসিন কোলে তুলিয়া লইয়া বাসরঘরে চলিল; বরের আচকানের সম্মুখের দামনের সহিত কনের বেনারসি দোপাট্টার এককোণ বাঁধিয়া দেওয়া হইল। বর সেই গ্রন্থি ধরিয়া ধীরে ধীরে পাত্রীর সঙ্গে সঙ্গে চলিলেন।
সহসা পাত্রী মিরিয়াসিনের কোল হইতে লাফাইয়া নামিয়া দিল দৌড়! বেচারা বরের হাতে কনের ওড়নার কোণের গ্রন্থি ছিল, সুতরাং অগত্যা তাঁহাকেও সঙ্গে সঙ্গে দৌড়াইতে হইল। দৌড়াইবার নির্দিষ্ট পথ পূর্ব হইতেই ঠিক করা ছিল; তদনুসারে পাত্রী বাহিরের পুষ্করিণীর চতুর্দিকে ঘুরিয়া চলিল। পাড়ার রাখাল ছেলেরা করতালি দিয়া তাহাদের পিছু পিছু ছুটিল—’দৌড়তি হুয়ি দুলহিন তোমহে মোবারক বড় মিয়াঁ!’
অনেক সাহেব-সুবো অভ্যাগত ভদ্রলোক উপস্থিত ছিলেন, তাঁহারা হাসিয়া আকুল। দেখা গেল যে, কনেটি আসলে একটি সুশ্রী ছোকরা ছিল, সে বেনারসি শাড়ি-দোপাট্টা খুলিয়া ফেলিয়া দৌড়িয়া পলাইল! আহা বেচারা কাজি সাহেব!
[ পরিচ্ছেদ ৩ ]
মুজফফরপুরের এক বয়োপ্রাপ্ত খা সাহেব চার স্ত্রী মারা যাওয়ার পর পঞ্চমবার বিবাহ করিতে চাহিলেন। ছেলে-মেয়ে, পৌত্র-দৌহিত্র সকলে বারণ করিলেও তিনি বলিলেন, ‘সংসার সামলাইবে কে?’ অবশেষে তিনি এক বালিকা বিবাহ করিলেন। কিন্তু চতুর্থ স্ত্রীর মতো পঞ্চমা স্ত্রীও ঘর-সংসার না দেখিয়া কেবল পৌত্রীদের সঙ্গে তাস খেলে আর গল্প করে।
খা সাহেব এবার ভাগলপুরে আসিয়া ঘটকদের সাহায্যে এক পরমাসুন্দরী পাত্রী খুঁজিতে লাগিলেন। ধূর্ত ঘটকেরা তাঁহাকে এক বড়লোকের বাড়িতে লইয়া গিয়া জানাইল, ‘পাত্রীটি অত্যন্ত পর্দানশীন ও অসুস্থ, কবিরাজ তাহার কারুরা (মূত্র পরীক্ষা) ছাড়া রোগ নির্ণয় করিতে পারিবেন না।’ খা সাহেব রোগ আরোগ্যের জন্য প্রতিদিন ফল-মূল মিষ্টি লইয়া যাইতেন এবং কারুরা আনিতেন। এইরূপে দুই মাস অর্থব্যয় করার পর একদিন এক চাকর তাঁহাকে জানাইল—’এখানে কোনো পাত্রী নাই, সেদিন বাজারের এক নর্তকীকে ভাড়া করিয়া আনা হইয়াছিল, সে চলিয়া গিয়াছে। আর কারুরা ছিল এই বাড়ির সকলের। আমাদের পরীক্ষা শেষ, আর দরকার নাই।’
বৃদ্ধ হতভম্ব হইয়া উকিল সাহেবের নিকট গিয়া বলিলেন, ‘মেরা চার হাজার রুপেয়া বরবাদ হুয়া—কোয়ি হাত ভি না আয়ি, আওর বদবখতোঁ নে মুঝসে নওকরোঁ কা কারুরা তক ঢোলায়া! হূ হূ হূ!!’ উকিল তাঁহাকে বলিলেন, ‘আদালতে নালিশ করিলে আরও লাঞ্ছনা বাড়িবে, আপনি বরং ভালোয় ভালোয় দেশে ফিরিয়া যান।’
পরিচিতি ও প্রেক্ষাপট: ‘বিয়ে-পাগলা বুড়ো’ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি অতুলনীয় রসাত্মক ও সামাজিক ব্যঙ্গধর্মী ছোটগল্প। তৎকালীন সমাজে বৃদ্ধ বয়সে বহুবিবাহ ও অপ্রাপ্তবয়স্ক বালিকাদের বিবাহ করার কুপ্রথাকে ব্যঙ্গ করে বাস্তব ঘটনার আশ্রয়ে তিনি এই হাস্যরসাত্মক অথচ গভীর শিক্ষণীয় গল্পটি রচনা করেন।
মূলভাব ও চেতনা: বৃদ্ধ বয়সে রূপমোহে অন্ধ হয়ে বিবাহ করার অন্ধ লালসা কীভাবে চরম লাঞ্ছনা ও অপমানের জন্ম দেয়, তা শ্লেষাত্মক তীক্ষ্ণ রসবোধের মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
মূল উৎস: বেগম রোকেয়া রচনাবলী (বাংলা একাডেমি সংস্করণ) / রসরচনা ও ছোটগল্প সংকলন।
কপিরাইট স্ট্যাটাস: পাবলিক ডোমেইন (Public Domain — সাহিত্যিকের মৃত্যুর ৬০ বছরের অধিক সময় অতিক্রান্ত)।
মন্তব্য (0টি)