ধনধান্য পুষ্পভরা
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক—সকল দেশের সেরা;
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা,
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে?
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে।
এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়,
কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশতলে মেশে?
এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে?
পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে—
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
ভায়ের মায়ের এমন স্নেহ কোথায় গেলে পাবে কেহ?
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি।
১. রচনার পরিচিতি ও প্রেক্ষাপট: নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত বিশ্বখ্যাত দেশাত্মবোধক গান ও কবিতা 'ধনধান্য পুষ্পভরা'। ১৯০৯ সালে প্রকাশিত ঐতিহাসিক নাটক 'শাহজাহান'-এর অন্তর্ভুক্ত এই রচনা সমগ্র বাঙালির প্রাণের সঙ্গীত।
২. মূলভাব/চেতনা: জন্মভূমির অপূর্ব প্রাকৃতিক ঐশ্বর্য, অনাবিল রূপ এবং মাতৃভূমির প্রতি অগাধ দেশপ্রেম।
৩. মূল উৎস: শাহজাহান নাটক (১৯০৯) ও দ্বিজেন্দ্র-গীতাবলী।
৪. কপিরাইট স্ট্যাটাস: পাবলিক ডোমেইন (Public Domain)।
মন্তব্য (0টি)